প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ছাত্রদলের চিকিৎসা সেবা ও ত্রাণসামগ্রী বিতরণ

এ সময় তিনি আরো বলেন, আমরা প্রায় ১০ হাজার খাবারের স্যালাইন ও বন্যাবাহিত রোগের ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য নিয়ে এসেছি। তারপরও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রস্তুত রাখা আছে।

অনলাইন প্রতিবেদক
নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত প্রায় এক হাজার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং মেডিক্যাল টিমের প্রধান সমন্বয়ক ডা: তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে একটি বিশেষায়িত মেডিক্যাল টিম এই কার্যক্রমে অংশ নিয়েছে। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৫০টি পরিবারের প্রয়োজন অনুযায়ী ১০ দিনের খাবারের ব্যবস্থা করেন।

ডা: আউয়াল বলেন, বিএনপির রাজনীতিই হচ্ছে জনগণের জন্য। বন্যার সাথে সাথেই ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ ও ৩ হাজার ৪৫০ টন চালের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় এক হাজার আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। উদ্ধার কাজও চলছে তড়িৎগতিতে। বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য ঢাকা থেকে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এই কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা প্রায় ১০ হাজার খাবারের স্যালাইন ও বন্যাবাহিত রোগের ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য নিয়ে এসেছি। তারপরও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রস্তুত রাখা আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, ডা: খোন্দকার সিফাত-উল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা: হাসিবুল হাসিব, সাধারণ সম্পাদক ডা: মোঃ শাফায়েত হোসেন শিশির, সিনিয়র সভাপতি ডা: ইরফানুর রহমান জিশান, সহ সভাপতি ডা: তানভীর আহমেদ শাকিল, ডা: জামান মোঃ নুরশাদ, শোয়াইব সিফাত, মোঃ শাহজাদা, আসিফ হাসান নিয়ন, আবু তাসিন সামি, নাদিম সামি, নাজমুল হাসান, দিবাকর রায় দীপ্ত, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি আরাফাতুল ইসলাম মিজবাহ, যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা: সালাউদ্দিন স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, রাকিবুল ইসলাম রাফি-সহ নেতৃবৃন্দ।