যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের যোগদান

জামায়াত প্রতিনিধিদলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ এবং বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে জামায়াত
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে জামায়াত |নয়া দিগন্ত

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দরস্থ ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর লিখিত একটি শুভেচ্ছা বার্তা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান এমপি-এর পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত প্রতিনিধিদলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ এবং বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।