রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে কমিশনের বৈঠক শেষে রাতে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, ইসি সচিব আখতার আহমেদ ও ইসির অন্যান্য কর্মকর্তারা।
ইসি সচিব বলেন, আপনারা জানেন যে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো।
তিনি বলেন, সে অনুযায়ী আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।
কোন গ্রাউন্ডে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আকতার আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।’
এর আগে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার পর সন্ধ্যা ৬টায় সিইসির কার্যালয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা এ রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় রাত ৯টা ২০ মিনিটে শেষ হয়।
প্রসঙ্গত, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বিকেলে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস।



