চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের

‘ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে।’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ওপর বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘মঙ্গলবার ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে যে বর্বরতা ও সহিংসতা চালালো, তা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। ছাত্রদল নামধারী সন্ত্রাসী কর্তৃক ইসলামী ছাত্রশিবিরের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, গুরুতর জখম এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার মতো হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করে যে, ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই সহিংসতা ও সন্ত্রাসের জায়গা হতে পারে না। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশ কখনোই অস্ত্রের ভাষায় হতে পারে না। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিবে।’

‘আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি এবং হামলার সাথে জড়িত ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করারও জোর দাবি জানাচ্ছি।’

‘শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি,’ বলেন জামায়াত সেক্রেটারি।