ঢাকা-৪ এমপিকে জড়িয়ে মিথ্যা সংবাদে প্রতিবাদ সম্মেলন

লিখিত বক্তব্যে তিনি জানান, নির্বাচিত হওয়ার পর সাংসদ সৈয়দ জয়নুল আবেদীন এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেন। এতে একটি কুচক্রী মহল তার সুনাম নষ্ট করতে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচার করছে।

নয়া দিগন্ত অনলাইন
সাংসদ সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদে প্রতিবাদ সম্মেলন
সাংসদ সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদে প্রতিবাদ সম্মেলন |সংগৃহীত

ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, নির্বাচিত হওয়ার পর সাংসদ সৈয়দ জয়নুল আবেদীন এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেন। এতে একটি কুচক্রী মহল তার সুনাম নষ্ট করতে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচার করছে। সম্প্রতি কদমতলী শিল্প এলাকায় আওয়ামী লীগের দোসর মো: হাসান ও সাজিদুর রহমান মাহিন (শুটার মাহিন) রাজনৈতিক খোলস বদলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককারবার চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে তাদের নাম রয়েছে।

তিনি অভিযোগ করেন, হাসান ও শুটার মাহিনের অভ্যন্তরীণ কোন্দলের সাথে স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও তার ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন সাব্বিরকে আটক করেছে। নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, যে মামলায় সাব্বিরকে আটক করা হয়েছে, তার প্রধান আসামি ও বাদীকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।

তিনি প্রশ্ন রাখেন, প্রশাসন কেন অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে আটক করছে না- এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। স্থানীয় এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ষড়যন্ত্র চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুর রহিম জীবন, মহানগরীর মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি