কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ শ্রমিকের মৃত্যুতে ছাত্রশিবিরের শোক

‘এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।’

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের প্রাণহানিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।’

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ‘যত্রতত্র অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠায় এমন প্রাণহানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও যথাযথ তদারকির অভাবেই বারবার শ্রমজীবী মানুষকে এমন করুণ পরিণতির শিকার হতে হচ্ছে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারা বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা।’

বিবৃতিতে তারা আরো বলেন, ‘আমরা অবিলম্বে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’

একইসাথে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান নেতৃবৃন্দ।

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, ‘ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিল্পকারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মালিকপক্ষ ও প্রশাসনকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।’