‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না বলে বিএনপিকে হুঁশিয়ার করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার পতন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। পতিত খুনি হাসিনা স্বৈরাচার জনগণের বাকস্বাধীনতাকে টিপে ধরেছিল। কিন্তু বেশিদিন টিকে থাকতে পারে নাই। আপনাদের সময় এসেছে বিদায় নেয়ার।’
জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে ‘মব’ সৃষ্টির প্রতিবাদে ও যুব জাগপা নেতা জনি নন্দীর মুক্তির দাবিতে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যুব জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ইকবাল হোসেন আরো বলেন, “বিএনপি এতো তাড়াতাড়ি জাগপার অবদান ভুলে গেলেন কিভাবে। এই রাশেদ প্রধান বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে জনাব তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশ আসার সুযোগ করে দিয়েছে। আপনি আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার প্রতিদান আপনি রাশেদ প্রধানকে ‘মব’ সৃষ্টির মাধ্যমে দিয়েছেন।”
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, “বিএনপিকে ভালোবাসা জানাতে চাচ্ছিলাম কিন্তু তাদের ‘মব’ সৃষ্টির রাজনীতির কারণে ঝুঁড়ি ভরে ঘৃণা জানাতে হচ্ছে।”
তিনি অবিলম্বে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান এবং যুব জাগপার ক্রীড়া সম্পাদক জনি নন্দীর মুক্তি দাবি করেন।
যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আবদুর রহমান ফারুকী, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সৌরভ দাস, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা নেতা আল আমিন, মো: ডালিম, ইমরান হোসেন রাহুল, আতাউর রহমান, পাবেল সরকার, বিপুল সরকার, আসাদুজ্জামান নুর প্রমুখ।



