অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের সঙ্কট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমপি ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডকে ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করে তিনি লিখেছেন, ‘গত দুই সপ্তাহ ধরে চলতে থাকা সংস্কার ও বিচারের আলাপ কোথায় হারিয়ে গেল? আজ রাষ্ট্র সংস্কার বা ইনসাফ কায়েমের আলোচনার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভাগ-বাটোয়ারার রাজনীতি।’
তিনি বলেন, জ্বালানি সঙ্কটের কারণে আজ কৃষকের মৃত্যু হচ্ছে এবং নিরবচ্ছিন্ন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসাথে হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির বেহাল দশা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুতর বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে।
সংসদের ভেতরের এবং বাইরের কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেয়া হবে?
বিশেষ করে এমপিদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের হাতে ছেড়ে দেয়া এবং তাদের জন্য নতুন গাড়ি, বিলাসিতা বলেও মন্তব্য করেছেন তিনি।



