ত্রয়োদশ জাতীয় সংসদের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, গত ২২ জুলাই জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সংসদীয় আইন ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বহিষ্কারের সিদ্ধান্তটি সিইসির কাছে দাখিল করা হয়েছে। একই সাথে বিষয়টি অবগতির জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।



