কোরবানি ঈদের শিক্ষাকে বাস্তবজীবনে পুরোপুরি প্রতিফলন ঘটিয়ে মানবিক সমাজ গঠনে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ শুক্রবার রাজধানীর মিরপুর-১০-এর স্থানীয় একটি হলরুমে পল্লবী ও কাফরুল জোন আয়োজিত সাবেক ছাত্রশিবির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ ও অধ্যাপক আনোয়ারুল করিম প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, সুশাসনের অভাব ও নগর প্রশাসনের উদাসীনতা, স্বেচ্ছাচারিতা ও লাগামহীন দুর্নীতির কারণে ডিএনসিসিতে জনজীবন রীতিমত দুর্বীসহ হয়ে উঠেছে। নির্বাচিত সিটি প্রশাসনের পরিবর্তে দলীয় লোকরা নিয়োগ প্রাপ্ত হওয়ায় সে অবস্থার আরো বড় ধরনের অবনতি ঘটেছে। নাগরিকরা নিয়মিত কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এমতাবস্থায় ডিএনসিসিকে মানবিক নগরীতে পরিণত করতে জামায়াতের সকল স্তরের জনশক্তি সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে নগরবাসী জামায়াতের হাতে নগর প্রশাসনের দায়িত্ব প্রদান করলে আমরা ডিএনসিসিকে একটি সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নগরী হিসাবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ। তিনি ঢাকা উত্তর সিটিকে নাগরিক বাস্তব হিসাবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে প্রতিবেশীদের হক আদায়ে সচেতন হতে হবে। একইসাথে সমাজের বিত্তবানদের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আসন্ন কোরবানির ঈদে সমাজের পিছিয়ে পড়া মানুষের ঘরে ঘরে কোরবানির পশুর গোশত ও ফুড প্যাকেজ পৌঁছে দিতে হবে।
তিনি কোরবানির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলেন, দ্বীনের বিজয়ের জন্য কোরবানির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহানগরী আমির সকলকে ‘লাইফ সাইকেল বিডি’-এর সদস্য হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এর মাধ্যমে নগরবাসী বিনামূল্যে রক্ত পাওয়ার সুযোগ পাবে। তিনি একটি কল্যাণমুখী সমাজ গঠনে যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ি ভূমিকা পালনের আহবান জানান।
জামায়াতের ভেতরের সাংগঠনিক সৌন্দর্য দেখলে মানুষ আরো আকৃষ্ট হবে : সেলিম উদ্দিন
যারা জামায়াতের আংশিক সৌন্দর্য দেখে ভোটের মতো আমানত তুলে দিয়েছে, তারা যদি সংগঠনটির ভেতরের সৌন্দর্য দেখতে পায় তাহলে আরো বেশি জামায়াতের দিকে ঝুঁকে পড়বে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, আগামীর জন্য আমাদের আরো দাওয়াতি কাজ করতে হবে।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ের শহীদ মাওলানা নিজামী মিলনায়তনে অগ্রসর কর্মীদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য আন্দোলন করে না, বরং দেশের স্বার্থে ও মানবকল্যাণের উদ্দেশ্যে সংগ্রাম করে। জামায়াত অতীতে নানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসেছে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে ও দেশপ্রেমকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান সিটি আমির সেলিম উদ্দিন।
সকল ইউনিট নেতাদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে আরো জানান, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষ ও কর্মীর খোঁজ-খবর রাখতে হবে এবং তাদের বিপদ-আপদে পাশে দাঁড়াতে হবে।
এছাড়াও তিনি দ্বীনি দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এই কাফেলাকে এগিয়ে নিতে দ্বীনি কাজে সময়, জান ও মাল ব্যয় করতে হবে।
ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগরী কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, মহানগরীর মজলিসে শূরা সদস্য মিজানুর রহমান খান, জিল্লুর রহমান, মাহমুদুর রহমান আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



