রাজধানীর রূপনগরে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্যের (এমপি) মতবিনিময় সভায় যুবদল ও ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২০ জুন) বিকেলে মিরপুর ছয় নম্বর বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রূপনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়।
রূপনগর থানা আমির আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ (পল্লবী) অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতিকে পদদলিত করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা জামায়াতের ওপর হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে তারা রাজনীতির ময়দানকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। এ হামলা ক্ষমতাসীনদের রাজনৈতিক ও আদর্শিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
তিনি ঢাকা-১৬ আসনের বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় জনগণ আগামী দিনে তাদের প্রত্যাখান করবে।
নাসির উদ্দীন বলেন, হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের কোনো কর্মীকে নিষ্ক্রিয় করা যাবে না। কাউন্সিলর প্রার্থীকে হত্যার ষড়যন্ত্র করেও জামায়াতকে থামানো সম্ভব নয়।
তিনি বলেন, জামায়াত ছাড় দিতে পারে, কিন্তু ন্যায়ের প্রশ্নে পিছিয়ে যায় না। তিনি ক্ষমতাসীনদের সন্ত্রাস ও উসকানির রাজনীতি বন্ধ করে আইন ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় জনগণ ঘরে বসে তামাশা দেখবে না।
সভাপতির বক্তব্যে আবু হানিফ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা ধৈর্য ধারণ করতে জানি, আবার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেও জানি। তাই ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না।
সমাবেশে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম পবন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



