সরিষার মধ্যে ভূত রেখে সংস্কার সম্ভব না : সালাহউদ্দিন আহমদ

‘আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দু’জন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের।’

অনলাইন প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে সালাহউদ্দিন আহমদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে সালাহউদ্দিন আহমদ |সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সরিষার মধ্যে ভূত রেখে সংস্কার সম্ভব না। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে করা সম্ভব। আপনি (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) যদি না পারেন, তাহলে আমাদের বলেন-আমরা করে দিই।

বৃহস্পতিবার (২৯ মে) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দু’জন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা ২০ বছর বিদেশে ছিল, এখন বিতর্কিত ভূমিকা নিয়ে বাংলাদেশকে উদ্ধার করতে এসেছে। আরো কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টা পরিষদে আছেন।’

তিনি বলেন, ‘সংস্কার করতে হলে উপদেষ্টা পরিষদ আগে সংস্কার করুন। সরিষার মধ্যে ভূত রেখে সংস্কার সম্ভব না। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে করা সম্ভব। আপনি যদি না পারেন, তাহলে আমাদের বলেন-আমরা করে দিই।’

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান মেধার মূল্যায়ন করতেন, মেধাবী ছাত্রদের উৎসাহিত করতেন। সেই একই প্রক্রিয়া তারেক রহমান শুরু করেছেন ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ কর্মসূচির মধ্য দিয়ে।’

শ্বেতপত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘৩০ লাখ কোটি টাকা পাচার, চার লাখ কোটি টাকার ঋণ-সব তথ্য সেখানে আছে। জাতিসঙ্ঘের প্রতিবেদন রাজনীতির পাঠ্যপুস্তক হওয়া উচিত। ৬৬ শতাংশ সামরিক বুলেট ব্যবহৃত হয়েছে-এগুলো পড়তে হবে। শুধু ইমোশনাল স্লোগান দিয়ে রাজনীতি চলবে না।’