গণভোট নিয়ে গণরায় বাস্তবায়নে বর্তমান সরকার টালবাহানা করলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (৩ মে) রাজধানীর রূপনগরের ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে রূপনগর থানা জামায়াত আয়োজিত ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার মেয়াদের শুরুতে দেশ পরিচালনায় সাফল্যের পরিচয় দিতে পারেনি, বরং সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা জুলাই বিপ্লব, জুলাই সনদ ও গণভোট নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। তারা এখন স্বীকার করছে যে, শুধুমাত্র নির্বাচনের দাবি আদায়ের জন্যই রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, যা জনগণের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা।’
তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘গণরায় উপেক্ষা করলে অতীতের পুনরাবৃত্তি ঘটবে।’
ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের ইউনিটগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ইউনিটগুলোকে ঐতিহাসিক ভূমিকা পালনের তাগিদ দেন।
তিনি বলেন, ‘ইউনিট সংগঠনগুলোই আন্দোলনের মূল চালিকাশক্তি। এখান থেকেই যোগ্য জনশক্তি ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হয়। একটি আদর্শ সমাজ গঠন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের ভূমিকা সবচেয়ে বেশি। তাই ন্যায়-ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইউনিটগুলোকে আন্দোলনের দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে হবে।’
তিনি দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবনে সততা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ ইসলামের সুমহান আদর্শের প্রতি আকৃষ্ট হয়।
বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল নাসির উদ্দিন বলেন, ‘সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সেবামূলক কাজে কর্মীদের আরো সক্রিয় হতে হবে। মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়ালেই দ্বীনের বিজয় ত্বরান্বিত হবে।’
থানা আমির মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পল্লবী-রূপনগর জোন পরিচালক প্রিন্সিপাল নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।



