দেশের মানুষ তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে : অধ্যাপক মুজিবুর রহমান এমপি

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এর মধ্যেই রয়েছে মানুষের অর্থনৈতিক কল্যাণ ও মুক্তি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি
বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি |নয়া দিগন্ত

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সরকার গায়ের জোরে জনগণকে অপমান করে গণভোটের রায়কে অস্বীকার করেছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না বরং দেশের মানুষ যেকোনো মূল্যে তাদের দেয়া রায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করেই ছাড়বে।’

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে উত্তরা পশ্চিম অঞ্চল জামায়াতের রুকনদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, ‘দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে যাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এর মধ্যেই রয়েছে মানুষের অর্থনৈতিক কল্যাণ ও মুক্তি। মানুষের চরিত্র ভালো করার জন্য সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সবার আগে নিজের ঘর, গ্রাম ও সমাজ পরিবর্তনে নিতে হবে ইতিবাচক পদক্ষেপ।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘সংবিধানে রাষ্ট্রের সকল স্তরে জনগণের প্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক ধারায় পরিচালিত হওয়ার কথা বলা হলেও সরকার ক্ষমতার দম্ভে কোনো কিছুকেই পরওয়া করছে না। বরং সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকার পরিষদের সকল ক্ষেত্রে দলীয় লোকদের বসিয়ে অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আচরণ করছে। তাই সরকারের এ সব অন্যায় আচরণের বিরুদ্ধে জনগণকে আবারো ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় তাদের আগামী দিনের পথ চলা মোটেই ইতিবাচক হবে না।

তিনি বলেন, ‘জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা নিজেরা যেমন অন্যায় ও দুর্নীতি করবো না, ঠিক তেমনিভাবে কারো অন্যায় ও দুর্নীতি কোনো ভাবেই মেনে নেব না। আমরা এমন এক শান্তির সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যে সমাজের সকল শ্রেণির মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে।’

তিনি সে কাঙ্খিত শান্তির সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যেকোনো ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘সরকার গণভোটের রায় অস্বীকার করে আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে। মূলত, এ সিদ্ধান্ত রীতিমত গণবিরোধী। যা আগামী দিনে তাদের জন্যই বুমেরাং হবে-ইনশাআল্লাহ।’

সেলিম উদ্দিন বলেন, ‘সরকার ক্ষমতার দম্ভে উল্টো পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু তাদের মনে রাখা উচিত ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী বন্দোবস্ত নয়। তাই তাদেরকে অবশ্যই ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে।’

কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও অঞ্চল পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব। উপস্থিত ছিলেন জামায়াত নেতা ড. আহসান হাবীব ইমরোজ, জামাল উদ্দিন, মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।