ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকার অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ দ্বিতীয় দিনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়।
সাক্ষাৎকারের নির্ধারিত সময়ের অনেক আগেই গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসতে শুরু করেন মনোনয়নপ্রত্যাশীরা। সাক্ষাৎকারকে কেন্দ্র করে কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি অবদান বিবেচনায় নিয়ে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।
গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরো ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন।
তিন দিনে প্রায় এক হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০টি ফরম জমা পড়ে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপি জোটের জন্য সংরক্ষিত আছে ৩৬টি আসন। বাসস



