রাজধানীর উত্তরায় জামায়াতের মানবতার বক্স উদ্বোধন

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এ কার্যক্রম উদ্বোধন করেন।

নয়া দিগন্ত অনলাইন
মানবাতার বক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে বলছেন সেলিম উদ্দিন
মানবাতার বক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে বলছেন সেলিম উদ্দিন |সংগৃহীত

রাজধানীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় ‘মানবতার বক্স’ নামে বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান’ স্লোগানকে সামনে রেখে এ সেবা চালু করা হয়।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় তিনি ঢাকা উত্তর সিটিকে একটি সর্বাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন, মানবিক ও জ্ঞানের নগরীতে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মানবতার বক্স সম্পর্কে সেলিম উদ্দিন বলেন, ‘রাজধানী ঢাকাকে মানবিক ও জ্ঞানের নগরী হিসেবে গড়ে তুলতে জামায়াত কাজ করে যাচ্ছে। ৪০০ বছরের পুরোনো ঢাকার মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ পুনরুদ্ধার করে আবারো একটি মানবিক নগর গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নাগরিকদের জন্য নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার বক্সের মাধ্যমে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন ধরনের সহায়তা পাবেন।’

এছাড়া নাগরিক সেবা ডট নেটের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, ‘সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে মানবিকতা আরো শক্তিশালী হবে। কারো জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে আল্লাহ তার রিজিক আরো বাড়িয়ে দেন।’

তিনি রাজধানীর বিভিন্ন বাজারে এ ধরনের মানবতার বক্স চালু করার পরিকল্পনার কথাও জানান।

তিনি কোরবানির ঈদ উপলক্ষে সমাজের সামর্থ্যবান মানুষদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণ থানা আমির আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্ব থানা আমির ইসরাইল হোসেন, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ, কামরুল হাসানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।