শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তন আসছে : ববি হাজ্জাজ

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং সরকার দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রম বাস্তবায়ন করছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘হলদে পাখি নীলকমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘হলদে পাখি নীলকমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন |সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বাংলাদেশের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই ভিত্তিক শিক্ষা নয়, বরং নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার (২০ মে) ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজিত জাতীয় পর্যায়ে ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং সরকার দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ আমি শুধু গার্ল গাইডদের মাঝে নেই, আমি আগামী বাংলাদেশের নেতাদের মাঝে আছি। আপনারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিশুদের শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং বাস্তবসম্মত দক্ষতা শেখানো হবে। শিক্ষার্থীরা শিখবে কীভাবে ভালো নাগরিক হতে হয়, কীভাবে নিজের স্কুল, ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হয় এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হয়। শিশুদের বয়স আনন্দের মাধ্যমে শেখার, তাদের ওপর অতিরিক্ত চাপ বা বড় বড় বই চাপিয়ে দেয়ার সময় নয়। নতুন কারিকুলাম এমনভাবে সাজানো হবে যাতে শিশুরা গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। ইউএনবি