শেরপুর-৩ আসনের নির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি।

নিজস্ব প্রতিবেদক
শেরপুর-৩ আসনের নির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শেরপুর-৩ আসনের নির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাধারণ নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি।

আজ ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: নুরুল আজিম বায়েজীদ এক বিজ্ঞপ্তি এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়।