গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী

‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী |সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।

তিনি আরো বলেন, অতীতের বিতর্কে না গিয়ে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি। আসুন আমরা একসাথে কাজ করি, ঐক্যবদ্ধ হই এবং বাংলাদেশের সাফল্য নিশ্চিত করি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিকে ধারণ করে সবাইকে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং ময়মনসিংহের নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাসস