আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো আজ বাংলাদেশের শ্রম খাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেছেন।
রাজধানীর একটি হোটেলে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া শ্রম খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলওর ধারাবাহিক কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
হুংবো শিশুশ্রম হ্রাসে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রম খাতে বাংলাদেশকে আইএলও ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশ নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, ইউএনজিএর সভাপতিত্বকালে বাংলাদেশ ও আইএলওর মধ্যকার সহযোগিতা আরো জোরদার হবে। সূত্র : বাসস



