জ্বালানিমন্ত্রী

নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে নজরদারি জোরদার

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, সারা দেশের ভোক্তাদের জন্য এলপিজির ন্যায্য মূল্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নয়া দিগন্ত অনলাইন
সংসদে জ্বালানিমন্ত্রী
সংসদে জ্বালানিমন্ত্রী |সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, ভোক্তাদের কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে এবং কৃত্রিম সঙ্কট বা মূল্য কারসাজি রোধে সরকার নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করেছে।

রোববার সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো: শামসুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, প্রচলিত আইনের আলোকে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপারদের নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।’

মন্ত্রী আরো জানান, বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন (এলওএবি) এবং বিইআরসির সাথে সমন্বয়ের মাধ্যমে এলপিজি অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করা হয়।

তিনি বলেন, এসব পদক্ষেপের ফলে জেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। মজুদদারির প্রমাণ পাওয়া গেলে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে।

এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাজার তদারকি জোরদারের দায়িত্ব দেয়া হয়েছে, যাতে বিইআরসি নির্ধারিত মূল্য বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

অধিদফতরের মনিটরিং টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সরবরাহ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের এলপিজি বাজারের প্রায় ৯৮.৬৭ শতাংশই আমদানিনির্ভর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার এলপিজি আমদানি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের এএসওয়াইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে আমদানি সংক্রান্ত তথ্য নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে আমদানিকারকদের জানানো হচ্ছে এবং প্রয়োজন হলে বিইআরসিকে অবহিত করা হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, সারা দেশের ভোক্তাদের জন্য এলপিজির ন্যায্য মূল্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : বাসস