সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) পরিদর্শন করেছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: আলমগীর হোসেন।
বুধবার (৬ মে) তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির ঢাকা কারখানায় আকস্মিকভাবে পরিদর্শন করেন। গত ২৮ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন।
পরিদর্শনকালে মহাপরিচালকের সাথে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: আ: সামাদ মৃধা উপস্থিত ছিলেন। এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক ড. মো: আকতার হোসেন ও পরিচালক (চলতি দায়িত্ব) মো: শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় মহাপরিচালক উৎপাদন ইউনিট, মান নিয়ন্ত্রণ বিভাগ, গুদামজাতকরণ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। তিনি ওষুধ উৎপাদনের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং গুণগত মান নিশ্চিতে কঠোর অবস্থান নেন।
বিশেষ করে মান নিয়ন্ত্রণে উন্নত পরীক্ষার ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে মহাপরিচালক আন্তর্জাতিক মান বজায় রেখে ওষুধ উৎপাদনের ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনটি নির্দেশনা দেন। উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জনবলের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
মো: আলমগীর হোসেন বলেন, ‘জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ওষুধ প্রস্তুতে কোনো আপস করা হবে না।’
পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক মো: আ: সামাদ মৃধা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ঢাকা কারখানার কাছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জমিতে আন্তর্জাতিক মান অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বহুতল ওষুধ উৎপাদন কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া গোপালগঞ্জ কারখানায় সাপের বিষ প্রতিষেধকসহ বিভিন্ন টিকা উৎপাদনের জন্য পৃথক স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে হাম-রুবেলা, জলাতঙ্ক ও ডেঙ্গু প্রতিরোধী টিকার শেষ ধাপের উৎপাদন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বগুড়া কারখানায় উৎপাদন সম্প্রসারণ এবং খুলনা কারখানায় মোড়ক তৈরির পৃথক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী মানসম্মত ওষুধ সরবরাহ আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব মো: আলমগীর হোসেনকে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।



