হাবের সাথে মতবিনিময়ে ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে

‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম শিগগিরই সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
হাব-এর নির্বাহী কমিটির সাথে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী
হাব-এর নির্বাহী কমিটির সাথে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী |সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাথে এক মতবিনিময় সভায় বলেছেন, ২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে।

তিনি বলেন, ‘হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাব-এর নির্বাহী কমিটির সাথে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম শিগগিরই সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে।

তিনি আরো বলেন, হজযাত্রীরা যেন কষ্ট না পান, সেদিকে খেয়াল রাখতে হবে। গত হজ মৌসুমে হজ ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন, এ বছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে সকলকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগে, হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সংগঠনের পক্ষে কিছু দাবিও উপস্থাপন করেন তিনি।

ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। একইসাথে বিধি-বহির্ভূত কোনো কাজ করবেন না বলেও জানান তিনি।

এ সময় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বাসস