যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, লাশ আসবে শনিবার

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মরতেজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জানাজার পর বৃষ্টির লাশ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি আজ বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লাশ ঢাকায় পাঠাবে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন
যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার দুপুর ২টায় টাম্পায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশী কমিউনিটির সদস্যরা অংশ নেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় উপস্থিত ছিলেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মরতেজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জানাজার পর বৃষ্টির লাশ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি আজ বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লাশ ঢাকায় পাঠাবে। লাশ ঢাকায় পৌঁছাবে আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে।

ওয়াশিংটন দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সাথে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে।

বাংলাদেশ সরকার জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে।

এর আগে, শনিবার লিমনের লাশ ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। ওইদিন রাত পৌনে ৮টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইতলা ইউনিয়নের লালডোবা গ্রামে তার দাফন সম্পন্ন হয়।