সেন্টমার্টিনে বিদেশী মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেলে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের পক্ষ থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
কোস্ট গার্ড
কোস্ট গার্ড |সংগৃহীত

সেন্টমার্টিনে প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিদেশী মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেলে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের পক্ষ থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ওই এলাকা থেকে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যের তিন কেজি ৩০০ গ্রাম গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বাসস