জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই, চট্টগ্রাম এবং সাবরাং ট্যুরিজম পার্ক, টেকনাফ কক্সবাজারে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ, পরিচালনা ও রাজস্ব বণ্টনসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণে বেজা কর্তৃক জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এবং সাবরাং ট্যুরিজম পার্কে যথাক্রমে ৬.১৮ একর ও ৫ একর জায়গা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। বেজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বেজা নির্বাহী বোর্ডের সচিব ও সরকারের যুগ্ম সচিব ড. জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএ’র পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মো: সাইফুল ইসলাম।
বেজা থেকে জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সাবরাং ও জালিয়ার দ্বীপ) অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক অঞ্চলগুলোতে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়। নির্মিত জেটি হতে প্রাপ্ত নিট মুনাফা বেজা ও বিআইডব্লিউটিএর মধ্যে যথাক্রমে ৪৫:৫৫ অনুপাতে বিভাজিত হবে।
উল্লেখ্য, সাবরাং ট্যুরিজম পার্কে নির্মিতব্য জেটিটি পর্যটকদের কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবার ক্ষেত্রে ব্যবহৃত হবে। বেজা কর্তৃক এনএসইজেড’র বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেটি সুবিধা প্রদানের স্বার্থে কেন্দ্রীয়ভাবে জেটি স্থাপনের বিষয়টি পরিকল্পনাধীন রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেজা’র নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অবঃ) নজরুল ইসলাম, নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ এবং নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বেজা’র নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অবঃ) মো: নজরুল ইসলাম বলেন, বেজা ও বিআইডব্লিউটিএর মধ্যে এই চুক্তি একটি মাইলফলক। বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বিবেচনা করে এবং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে একটি স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চলে পরিণত করতে এই জেটি অসামান্য ভূমিকা রাখবে।
বেজা’র নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, সাবরাং ট্যুরিজম পার্কে নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও পর্যটন শিল্পের অসীম সম্ভাবনা বিবেচনায় নিয়ে বেজা সেখানে জেটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বিআইডব্লিউটিএকে অভিনন্দন জানান বেজা’র এ অগ্রযাত্রায় সঙ্গী হওয়ার জন্য। তিনি উল্লেখ করেন সাবরাংয়ে এই জেটি নির্মাণ হলে দৃষ্টিনন্দন বিভিন্ন পর্যটন স্থাপনা নির্মাণের সুযোগ সৃষ্টি হবে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশের অভ্যন্তরীন নৌ-পরিবহন ব্যবস্থাপনার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিআইডব্লিউটিএ এই প্রকল্প সফল ও কার্যকরভাবে সমাপ্ত করতে বদ্ধপরিকর।



