হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
রোববার (১৭ মে) সকালে জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় সাক্ষাৎকালে মামুনুল হক হেফাজত আমিরকে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনী স্মারক শহীদনামা গ্রন্থটি হাদিয়া হিসেবে প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এ ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তা সত্ত্বেও চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থে এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।
তিনি আরো বলেন, বিভিন্ন দলের সাথে আকীদা, বিশ্বাস ও চিন্তাগত কিছু মতপার্থক্য আগে থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। তবে এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকীদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।
তিনি বলেন, হেফাজতে ইসলামের আমির যে কোরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকীদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরীক সংগঠনগুলো দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে।
মাওলানা মামুনুল হক আরো বলেন, হেফাজতে ইসলাম পূর্বসূরীদের আদর্শ অনুসরণ করে কোরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের ওপর দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের ন্যায় দৃঢ়তার সাথে মাঠে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
এ সময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।



