আরপিওর বিধি অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর অতিক্রম না হওয়ায় এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো: মঈন উদ্দিন খান। মনিরা ও তার আইনজীবী দাবি করেছেন, ওই আইনের আওতায় মনিরার চাকুরির গ্রেড পড়ে না। তারা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে ওই প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মনির হোসেনও আইনের ব্যাখ্যা দেন।
মো: মঈন উদ্দিন খান বলেন, মনিরা শারমিনের চাকুরি ছাড়ার মেয়াদ তিন বছর হয়নি। বিধি অনুযায়ী সরকারি চাকরি করলে অবসর নেয়ার তিন বছর পর তিনি নির্বাচনের যোগ্য হবেন। আর ওই আইনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, ওই আসনটি শূন্য হলে তখন প্রার্থিতা উম্মুক্ত হয়ে যাবে। তখন কোনো জোটের হবে না।
এ ব্যাপারে মনিরা শারমিন জানান, তিনি কৃষি ব্যাংকে দশম গ্রেডে চাকরি করতেন। ওই বিধান করা হয়েছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য, যারা প্রভাবিত করতে পারেন।
এনসিপি নেত্রী জানান, মাত্র দুই বছর তিনি চাকরি করে অবসরে যান। তিন বছরের বিধানের অধীনে তিনি পড়বেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। ন্যায়বিচার পাবেন বলে তার প্রত্যাশা।



