লিগ্যাল এইডে এডিআরের উদ্যোগ ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলায়

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) |সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর) কার্যক্রমের আওতায় প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলায় উদ্যোগ নেয়া হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এডিআর কার্যক্রমের আওতায় নেয়া এসব মামলার মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধ থেকে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ৫৬৭ জন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেয়া হয়েছে।

সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত ছাড়াও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অক্ষম বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সূত্র : বাসস