লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলায় বাংলাদেশী দুই নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।
নিহত দুই বাংলাদেশী হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো: নাহিদুল ইসলাম নাহিদ।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সরকার।
লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছে। এছাড়া দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছে।
বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসাথে বাংলাদেশ সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। বাসস



