নীতিমালা পেলে বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব : জ্বালানিমন্ত্রী

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সঠিক নীতিমালা পেলে বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন আনা সম্ভব।

নয়া দিগন্ত অনলাইন
১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান
১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান |সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সঠিক নীতিমালা সহায়তা (পলিসি) পেলে বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব।

তিনি বলেছেন, সরকার দ্রুত সৌর ও নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য নীতিমালা প্রণয়নের কাজ করছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মেত্রী সম্মেলন কেন্দ্রে ১৫তম আন্তজার্তিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ-২০২৬-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ সোলারে যাওয়ার জন্য রেডি, শুধু নীতিমালা দরকার। এই নীতিমালা পেলে, আমরা বাংলাদেশের সোলারে একটা বিপ্লব ঘটাতে পারি।’

তিনি বলেন, শুধু সমস্যা হলো যে আমাদের নীতিমালা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী আমাদের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরো বলেন, এখন কিভাবে নীতিগত সহায়তা দিলে, আমরা খুব দ্রুত ইমপ্লিমেন্টেশনে যেতে পারি সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি জানান, চলতি মাসের মধ্যেই একটি নীতিমালা চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং জুন মাসে ক্যাবিনেট অনুমোদনের পর, তা সরকারি আদেশ হিসেবে জারি করা হতে পারে।

মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি যে সরকার যদি কোনো সেক্টরকে ঠিকমতো নীতিগত সহায়তা দেয়, তাহলে তা দেশে বিপ্লব আনতে পারে।

গার্মেন্টস খাতের উদাহরণ টেনে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আশির দশকে বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসির মতো নীতিগত সুবিধা দেওয়ার ফলেই দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

তিনি আরো বলেন, সৌর খাতের রেগুলেশন আরো শিথিল করা, ইনভার্টার, ফ্রেম ও প্যানেলসহ প্রয়োজনীয় সরঞ্জাম সহজে আমদানির সুযোগ সৃষ্টি ও কর সুবিধা দেয়ার বিষয়েও সরকার কাজ করছে।

মন্ত্রী জানান, সরকার এখন ব্যাটারি স্টোরেজের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে দিনের বেলায় উৎপাদিত সৌরবিদ্যুৎ সন্ধ্যার পিক আওয়ারে ব্যবহার করা যায়।

ইকবাল হাসান মাহমুদ আরো বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

রুফটপ সোলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করে, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ও নেট মিটারিংয়ের মাধ্যমে বিল সমন্বয়ের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

এতে ভবন মালিকরা আর্থিক সুবিধাও পাবেন বলে উল্লেখ করেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ আরো বলেন, প্রাইভেট এন্টারপ্রাইজের মাধ্যমে ঢাকা শহরের প্রত্যেকটা হাউসকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি, ঢাকার যে লোড আছে, তা অনেকটাই কমে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক এক্সপোনেটের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মোজাফফর আহমেদ ও ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)’র চেয়ারম্যান এম আজিজুর রহমান রিপন প্রমুখ।

সূত্র : বাসস