জিডিপিতে পর্যটন খাতের অবদান ছয় থেকে সাত শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে
তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। আর এ যাত্রায় আমাদের জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আমি আশা রাখি। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র তিন শতাংশ। আমরা একে ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই।
তিনি জানান, সারা বাংলাদেশে এক হাজার ৭৪২টি পর্যটন স্পট আছে। তার মানে দেশের প্রত্যেকটি জেলায় পর্যটন স্পট রয়েছে। আমরা দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছি। আপনাদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে আমরা পর্যটন খাতকে এগিয়ে নিতে পারব, ইনশা আল্লাহ। এসময় মন্ত্রী মানিকগঞ্জে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়িকে পর্যটক আকর্ষণে উন্নয়ন করার জন্য সংস্কৃতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


