মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
এ সময় ছয় লাখ ২৪ হাজার টাকা মূল্যের ডিজেলসহ গ্যাস সিলিন্ডার ও নগদ টাকা জব্দ করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশী ও আটজন রোহিঙ্গা নাগরিক।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার সকাল ৬টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বঙ্গোপসাগরের বহিঃনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিন বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ছয় লাখ ২৪ হাজার টাকা মূল্যের ছয় হাজার লিটার ডিজেল, ছয়টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ চারজন বাংলাদেশী ও আটজন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিন বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই ইঞ্জিন বোটকে ব্যবহার করে মানব পাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা যায়।
কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানে মানব পাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেয়া সম্ভবপর হয়েছে বলেও জানান সাব্বির আলম সুজন।
পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান। বাসস



