জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৩৫ হাজার ২১০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইনি সহায়তার মাধ্যমে নিষ্পত্তিকৃত এসব মামলার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৩২টি, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার ৫৮টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেয়া হয়েছে।
সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালতের বিচারপ্রার্থী ছাড়াও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরা এ সেবার আওতায় ছিলেন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সূত্র : বাসস



