ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মুহিববুল্লাহিল বাকী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের চুক্তিতে মুহিববুল্লাহিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী
ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী |সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী।

বৃহস্পতিবার (২১ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দিয়েছে। তিনি বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) বেতন-ভাতা পাবেন।

মুহিববুল্লাহিল বাকী ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রথমবারের মতো কোনো আলেমকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে, সাধারণত প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা বা বিচারকরা এ দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের চুক্তিতে মুহিববুল্লাহিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

মুহিববুল্লাহিল বাকী চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে পড়াশোনা করেছেন। তিনি কওমি ধারায় দাওরায়ে হাদিস, আলিয়া ধারায় কামিল এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে প্রথম শ্রেণি অর্জন করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছাড়াও তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইমামতি করেছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব ছিলেন।

এছাড়া তিনি মিশর ও ভারতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।