গত ৩০ মার্চ সংসদ ভবন এলাকায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর জানাজায় অংশ নিয়ে একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সে সময় কেউ একজন তাকে ‘জঙ্গি এমপি’ বলে আখ্যা দেন। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে স্পিকারের কাছে তার তদন্ত চেয়েছেন পীরজাদা হানজালা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের কাছে তিনি এই দাবি জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও তার বক্তব্য শুনে বিষয়টি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন। সেই সাথে সংসদ সদস্য হানজালাকে সংসদে একটি নোটিশ প্রদানের আহ্বান জানান।
সংসদ সদস্য পীরজাদা হানজালা বলেন, গত ৩০ মার্চ আপনার (স্পিকার) সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুক, আমি তার জন্য দোয়া করি। তার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকব, একদম কাছাকাছি, পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল— ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে।’
তাকে জঙ্গি বলে ডাকায় সংসদের মান ক্ষুণ্ন হয়ে জানিয়ে তিনি বলেন, তো এই বিষয়টি আসলে এভাবে আসত না, তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে। যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্য এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি।
অনুরোধ জানিয়ে হানজালা বলেন, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে— আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলা ফেরায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসুল সা: রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন করেছে। আমি মনে করি আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির সিম্বল হতে পারে না।
তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে— আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি একটু অনুরোধ করেন বা তাদেরকে নির্দেশ দেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এজন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছে, এখানে তাদের মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে ছিল, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এজন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসত তাহলে বিষয়টি ক্লিয়ার হতো।’
জবাবে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাব বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন। বিষয়টি আমরা বিবেচনা করব।’



