ইডিসিএলে ওষুধ প্রশাসনের নতুন মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন

ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক মোহা: আলমগীর হোসেন আকস্মিকভাবে ইডিসিএলের ঢাকা কারখানা পরিদর্শন করেছেন। তিনি উৎপাদনের গুণগত মান, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দিয়ে নিরাপদ ওষুধ নিশ্চিত করার নির্দেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
ইডিসিএলে ওষুধ প্রশাসনের নতুন মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন
ইডিসিএলে ওষুধ প্রশাসনের নতুন মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন |সংগৃহীত

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) আকস্মিক পরিদর্শন করেছেন ওষুধ প্রশাসন অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা: আলমগীর হোসেন। এ সময় তিনি গুণগত মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বুধবার (৬ মে) সকালে তিনি রাজধানীর তেজগাঁওস্থ ইডিসিএলের ঢাকা কারখানা আকস্মিক পরিদর্শন করেন। গত ২৮ এপ্রিল মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটিই তার প্রথম পরিদর্শন।

পরিদর্শনকালে মহাপরিচালকের সাথে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক (প্রধান কার্যালয়) ড. মো: আকতার হোসেন এবং পরিচালক (চলতি দায়িত্ব) মো: শফিকুল ইসলাম।

মহাপরিচালক ইডিসিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন এবং ওষুধ উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক ওষুধের গুণগত মান নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর জোর দেন। তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, জনবলের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ওষুধ প্রস্তুতকরণের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব মোহা: আলমগীর হোসেনকে ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।