রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
তিনি বলেন, একটি শিশু যে ছিল পরিবারের স্বপ্ন ও সমাজের ভবিষ্যৎ- তাকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। এ ধরনের ঘটনা প্রমাণ করে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ নিয়েছে এবং শিশু ও নারীর নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
বুধবার (২০ মে) তার পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশে শিশু ও নারী নির্যাতন ক্রমবর্ধমান হারে বাড়ছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত নয় দিনে পাঁচ শিশুকে হত্যা করা হয়েছে, যার মধ্যে চারজনই ধর্ষণের শিকার।
তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ দাবি জানিয়েছে-
১. দোষীদের দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচার,
২. সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ,
৩. নারী ও শিশু নিরাপত্তা জোরদার।
সেইসাথে রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মহিলা বিভাগের সেক্রেটারি।



