ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা ডিএসসিসির

‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসী নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন |সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এ কর্মসূচির আওতায় আগামী ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে।

নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম এ ঘোষণা দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরো গতিশীল করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলোতে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে মশার প্রজননক্ষেত্র ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

এছাড়া মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশকের মান নিশ্চিত করা, সঠিক প্রয়োগ পদ্ধতি অনুসরণ, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসী নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’

তিনি আরো বলেন, মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে তিনি বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ রেলওয়ে, শিক্ষা অধিদফতর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাসস