কৃষি সম্প্রসারণ অধিদফতরের সেই পিডিকে শোকজ

‘‘পিডি কেন ছুটির মধ্যে দরপত্র জমা ও উন্মুক্তের শেষ দিন নির্ধারণ করেছিলেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’’

কাওসার আজম

ঈদুল ফিতরের ছুটি চলাকালে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সেই প্রকল্প পরিচালক (পিডি) রবিউল ইসলাম শোকজ দিয়েছে ডিএই। একইসাথে পুন:দরপত্র আহ্বানের নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএই’র মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলম।

তিনি এ-ও বলেন, পিডি কেন ছুটির মধ্যে দরপত্র জমা ও উন্মুক্তের শেষ দিন নির্ধারণ করেছিলেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার নয়া দিগন্তের অনলাইন প্লাটফরমে ‘ঈদের ছুটিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরে পাঁতানো দরপত্র’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে বলা হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালে ডিএই’ যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পিডি রবিউল ইসলাম গত ঈদুল ফিতরের ছুটি চলাকালে দু’টি দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া সম্পন্ন করেছেন। গত ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল মোট নয় দিন ছিল ঈদের সরকারি ছুটি। এই ছুটির মধ্যে দুটি দরপত্র জমা ও উন্মুক্তের শেষ দিন নির্ধারণ করেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সরকারি ছুটির দিনে দরপত্র জমাদান ও উন্মুক্তের শেষ দিন রেখে প্রকল্প পরিচালক পাবলিক প্রকিউরমেন্ট এ্যক্ট-২০০৮ (পিপিআর-২০০৮) অনুযায়ী গুরুতর অপরাধ করেছে।

নয়া দিগন্তে খবর প্রকাশের দিনই কৃষি সচিব কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। কেন এমনটা করা হলো এর ব্যাখ্যা চান। পরদিন মঙ্গলবার কৃষি উপদেষ্টা লে. জে. (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রকল্প পরিচালককে ফোন দিয়ে ব্যাখ্যা চান। একইসাথে তাকে শোকজ দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন বলে জানা যায়।