শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘মন্ত্রিসভার বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত আট বছরের শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার পরিবারের সাথে দেখা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠক শেষে রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী রামিসার পল্লবীর বাসার উদ্দেশে রওনা দেবেন।


সফরকালে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং আট বছর বয়সী শিশু রামিসার নৃশংস হত্যার ঘটনায় তাদের সান্ত্বনা দেবেন।

এর আগে, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তী সময়ে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।