সৌদি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র সমিতির অনুষ্ঠান

বাংলাদেশ-সৌদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার আশা

তিনি বলেন, সৌদি আরব বিশ্বাস করে, মানুষ গঠনই প্রকৃত উন্নয়নের ভিত্তি। ভবিষ্যতেও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে সৌদি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র সমিতির আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ড. মো: সাইফুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামছুল আলম।

প্রীতি সম্মিলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি অ্যাম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কের অংশ হিসেবে সৌদি সরকার প্রতিবছর বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষাবৃত্তির সুযোগ প্রদান করে থাকে।

তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরবে উচ্চশিক্ষা অর্জনকারী শিক্ষার্থীরা দেশে ফিরে ইসলামের সঠিক ও ভারসাম্যপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, সৌদি আরব বিশ্বাস করে, মানুষ গঠনই প্রকৃত উন্নয়নের ভিত্তি। ভবিষ্যতেও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা সৌদি আরবে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তাদের ভূমিকা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।