মন্ত্রী আফরোজা খানম

কক্সবাজারকে পর্যটন হাবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের

‘বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে আমরা একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাবে পরিণত করতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠক
সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠক |সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সমন্বিত উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পর্যটন-ভিত্তিক পদ্ধতির মাধ্যমে কক্সবাজারকে একটি বড় পর্যটন হাবে রূপান্তরিত করার পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, ‘বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে আমরা একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাবে পরিণত করতে চাই।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কক্সবাজার জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা, বিশেষ করে পর্যটন খাতের উন্নয়ন পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আফরোজা খানম বলেন, দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে পর্যটন সুবিধা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলো আধুনিকায়নের উদ্যোগ সরকার আগেই নিয়েছে।

তিনি কক্সবাজারের উন্নয়নে পরিবেশবান্ধব পর্যটন (ইকো-ট্যুরিজম) মডেল গ্রহণের আহ্বান জানান এবং বলেন, পর্যটনের সম্প্রসারণ যেন পরিবেশ সংরক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে হবে।

এছাড়া কক্সবাজারকে একটি বড় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারি লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতাও কামনা করেন মন্ত্রী। বাসস