১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তেলের দামের কারণে হজ ফ্লাইটে সম্ভাব্য জটিলতার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হাজীরা আল্লাহর মেহমান; ইনশাল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ, কোনো জটিলতা হবে না।’

নয়া দিগন্ত অনলাইন
হজযাত্রীদের সুন্দরভাবে মেহমানদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
হজযাত্রীদের সুন্দরভাবে মেহমানদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী |প্রতীকী ছবি

আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হজ ফ্লাইট কবে উদ্বোধন হবে—জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন।’

তিনি বলেন, ‘সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিভাবে হাজীদের খেদমত করতে হবে, কিভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোনো অন্যায়-অপরাধ, হাজীদের ওপর কোনো অবিচার সহ্য করা হবে না।’

মন্ত্রী বলেন, ‘আজকে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা থেকে অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। উনি হাজীদের ব্যাপারে অত্যন্ত সচেতন। উনি দু-একদিনের মধ্যে হাজী ক্যাম্পে যাবেন, যে হাজী ক্যাম্পে হাজীরা এসে উঠবেন। উনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন।’

তেলের দামের কারণে হজ ফ্লাইটে সম্ভাব্য জটিলতার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হাজীরা আল্লাহর মেহমান; ইনশাল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ, কোনো জটিলতা হবে না।’ সূত্র : ইউএনবি