হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজ পালন নিশ্চিতে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসাথে হজের সকল বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনেরও অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে ঘোষণা করেছে যে কেবল বৈধ হজ ভিসার মাধ্যমেই হজ পালন করা যাবে। সৌদিতে পৌঁছানোর পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া পর্যন্ত সব কার্যক্রম অনুমোদিত ও দাফতরিক প্রক্রিয়ার আওতায় সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে তারা।
ধর্ম মন্ত্রণালয় আরো জানিয়েছে, অনুমোদিত পদ্ধতিতে হজের অনুমতিপত্র গ্রহণ করলে হজযাত্রীরা পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সেবা সহজে পাবেন। পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ভীড় নিয়ন্ত্রণ, চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এছাড়া অননুমোদিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা মিথ্যা প্রলোভনের মাধ্যমে হজের অনুমতিপত্র কিংবা ভিসা প্রক্রিয়াকরণ থেকে বিরত থাকার জন্যও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।
তারা বলেছে, এ ধরনের অবৈধ কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং অনেক ক্ষেত্রে আইনি জটিলতা বা শাস্তির মুখোমুখিও করতে পারে।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রাতিষ্ঠানিক ও বৈধ চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র সংগ্রহ করলে হজযাত্রীরা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে হজ পালনের সুযোগ পাবেন। একইসাথে এটি হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করতেও সহায়ক হবে। সূত্র : বাসস



