মশা নিয়ন্ত্রণে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোর প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এ আহবান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না। তবে দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।
তিনি আরো বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করাই প্রধান কাজ। নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে।



