প্রধানমন্ত্রী

জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে কার্যক্রম রয়েছে

পরিবার ও জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের নানাবিধ কার্যক্রম রয়েছে। স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সময়োপযোগী জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে।

নয়া দিগন্ত অনলাইন
সংসদে তারেক রহমান
সংসদে তারেক রহমান |ইন্টারনেট

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবার ও জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সরকারের নানাবিধ কার্যক্রম রয়েছে।

আজ বুধবার বিকেলে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবার ও জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের নানাবিধ কার্যক্রম রয়েছে। স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সময়োপযোগী জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা-শিশু স্বাস্থ্য সেবা, প্রসবপূর্ব সেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব, প্রসব পরবর্তী সেবা, পুষ্টি সেবা প্রদানসহ নানাবিধ সেবা দিয়ে আসছে। তাছাড়া স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ও পরিবার সম্মেলন, কাউন্সেলিং, গণমাধ্যম প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিশোর কিশোরী পরিচর্যা, বাল্য বিবাহ রোধ, ২০ এর আগে সন্তান ধারণ না করা, এক সন্তান থেকে পরবর্তী সন্তান ধারণে ২-৩ বছর বিরতি দান, নারীর প্রতি সহিংসতা রোধসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। এছাড়াও সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা, টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য তথ্য বাতায়ন এবং মৌসুমি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতদর কর্তৃক স্থাপিত নলকূপসমূহে আর্সেনিকযুক্ত নলকূপে লাল রঙ এবং অন্যদিকে আর্সেনিকমুক্ত নলকূপে সবুজ রঙ দ্বারা চিহ্নিত করে আর্সেনিকমুক্ত নলকূপের পানি পান করাসহ সকল কাজে ব্যবহারের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়। পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবহার নিশ্চিত ও সচেতনতা সৃষ্টি করার জন্য পৌরসভা সমূহে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ পরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন: কর্মশালা, উঠান বৈঠক ইত্যাদি গ্রহণ করা হচ্ছে। প্রতিবছর নিয়মিতভাবে অক্টোবর মাসে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন, ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস, ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালনসহ নানাবিধ সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করে আসছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মানববর্জ্য সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনঃব্যবহার এবং কঠিন বর্জ্য উৎসে পৃথকীকরণ, সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনঃব্যবহার করা হচ্ছে। পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যবিধি পালন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবহার ও নিয়মিত সেপটিক ট্যাংক পরিষ্কারকরণে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম কর্মসূচি ছিল প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নকাল।