রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মোহাম্মদ জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বাড্ডা বৈশাখী সরণি এলাকার একটি রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জহিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার নাগেরগাও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে উত্তর বাড্ডার বাগান বাড়ি এলাকায় ইমন মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম বৈশাখী সরণির ৯০/১ নম্বর হোল্ডিংয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের ভাষ্যমতে, ওই যুবক খুঁটিতে উঠে বৈদ্যুতিক তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।’



