বৃষ্টির লাশ দেশে পৌঁছেছে, জানাজা আজ আসরে

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লাশ বুঝে পাওয়ার পরই সেটি মাদারীপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে এবং দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টির লাশ দেশে পৌঁছেছে
বৃষ্টির লাশ দেশে পৌঁছেছে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছেছে।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

এর আগে, সকাল ৮টা ৪৫ মিনিটে পরিবারের সদস্যরা একটি হায়েস গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লাশ বুঝে পাওয়ার পরই সেটি সরাসরি মাদারীপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে এবং দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে, স্থানীয় সময় বুধবার (৭ মে) টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত ৪ মে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে পৌঁছায়।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে লাশ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। লাশ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। একই সাথে সমাবর্তনে উপস্থিত থেকে দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।