রাজধানীর উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় প্রধান আসামি লামিন ইসলামের (১৯) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৪ মে) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ মে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় পূবাইল পদহারা বাইদ কফু মার্কেট এলাকা থেকে আসামি লামিন ইসলামকে গ্রেফতার করা হয়। একই সময়ে ভিকটিমকেও আসামির হেফাজত থেকে উদ্ধার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল মামলার বাদি কামরুজ্জামান তার মেয়েকে উত্তরা গার্লস স্কুলে পরীক্ষার জন্য নিয়ে যান। পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬, রোড-৫-এর মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তাদের পথরোধ করে। এরপর প্রধান আসামি লামিন ইসলাম (১৯) ও অজ্ঞাতনামা সাত থেকে আটজন আসামি জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দু’টি মোটরসাইকেল ও প্রাইভেটকারযোগে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ভিকটিমের বাবা কামরুজ্জামান উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।
সূত্র : বাসস


